ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, কলেজ শাখা একটি কর্মীসভা আয়োজন করেছিল। ওই কর্মসূচিতে আসার পথে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে শিবির।
‘পরে শিবিরের এক নেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে পালিয়ে যেতে বলেন। না গেলে হত্যার হুমকি দেন’, বলেন তিনি।
মিলাদ হোসেন বলেন, হামলায় ছাত্রদলের ১১ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ঘটনাটি অনেকে যেভাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা হিসেবে বর্ণনা করছেন, বিষয়টি ঠিক তেমন ছিল না।
তিনি বলেন, শিবিরের নেতাকর্মীরা কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ করে নিউমার্কেটের দিক থেকে এগিয়ে আসার চেষ্টা করেছিল। আমরা প্রতিহত করেছি।
এদিকে, ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে কলেজের গ্যালারি-২ এ সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরাই প্রথম হামলা চালায়।
তিনি বলেন, আমাদের কর্মসূচি দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। তখন আমাদের অধিকাংশ সদস্যই ক্যাম্পাসে পৌঁছাননি। যারা আগে এসেছিলেন, তাদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ছাত্রদলের হামলায় আমাদের ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
