জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হতে পারে।
আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
ট্রাইব্যুনাল জানতে চান, গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন করা মাকসুদ কামালকে কেন এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি?
সেসময় তামীম বলেন, জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে। চিফ প্রসিকিউটরের অনুমোদনের পর তা দাখিল করা হবে।
পরে সাংবাদিকদের প্রসিকিউটর তামীম বলেন, জাফর ইকবাল ও মাকসুদ কামালের সম্পৃক্ততা নিয়ে তদন্ত শেষ পর্যায়ে।
