ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি অ্যাকসেসরিজ কারখানার কাভার্ডভ্যান থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীকে বাধা দেওয়ায় কাভার্ডভ্যানের চালককে কুপিয়ে গুরুতর আহত করেছে এক ছিনতাইকারী।
আহত চালকের নাম মো. রাশিদুল ইসলাম (৩০)। তিনি গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
কাভার্ডভ্যানটির হেলপার মো. আরিফুল ইসলাম জানান, কোম্পানির মতিঝিল হেড অফিস থেকে ফেরার পথে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারের জোরপুল এলাকায় কাভার্ডভ্যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় মহাসড়কের পাশে কাভার্ডভ্যানটি থামালে তিনজন এগিয়ে আসেন সহযোগিতার কথা বলে। এর কিছুক্ষণ পরই তারা দেশীয় অস্ত্র দেখিয়ে কাভার্ডভ্যানের সামনের বক্সে থাকা কোম্পানির ২ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যেতে থাকে।
তিনি বলেন, ‘আমি এবং রাশিদুল ভাই তাদের পেছনে দৌড়াতে থাকি। একপর্যায়ে রাশিদুল ভাই একজন ছিনতাইকারীকে ঝাপটে ধরেন। তখন ওই ছিনতাইকারী রাশিদুল ভাইকে উপর্যুপরি পেটে, গলায় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান আরিফুল।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হেলপারের সঙ্গে কথা বলেছি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
