আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে এক মৌসুমের জন্য ধারে ফিওরেন্তিনায় পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।
১৮ বছর বয়সী মাস্তানতুয়োনো গত গ্রীষ্মে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তাকে দলে ভেড়াতে স্প্যানিশ জায়ান্টদের খরচ হয়েছিল ৬ কোটি ৩০ লাখ ইউরোর কিছু বেশি। রিয়ালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছয় বছর।
রিয়ালে যোগ দেওয়ার আগে থেকেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন মাস্তানতুয়োনো। মাত্র ১৭ বছর ৯ মাস বয়সে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি।
তবে মাদ্রিদে প্রথম মৌসুমটা প্রত্যাশামতো কাটেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে মাঠে নামলেও শুরুর একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি এই আর্জেন্টাইন। পুরো মৌসুমে তার গোল মাত্র তিনটি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার।
আরও নিয়মিত খেলার সুযোগ করে দিতেই এবার তাকে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। ফিওরেন্তিনায় এক মৌসুম কাটিয়ে মাস্তানতুয়োনো নিজেকে আরও পরিণত করে ফের রিয়ালের জার্সিতে ফেরার সুযোগ পাবেন।
