শর্টফিল্ম ওয়েব কনটেন্ট ‘রঙিন সুরমা’য় অভিনয় করেছেন দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি। আগামী ১২ আগস্ট রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে এটি।
নতুন এই কনটেন্ট নিয়ে অভিনেত্রী আফসানা মিমি বলেন, ‘ইমরান (নির্মাতা রিয়াজুল হক ইমরান) যখন স্ক্রিপ্ট পাঠাল, প্রথমেই নামটা দৃষ্টি কেড়েছিল—রঙিন সুরমা। স্বাভাবিক আগ্রহ নিয়েই পড়তে শুরু করলাম, আর পড়া শেষ করেছি চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর কাজটা শেষ হলো, এখন দর্শকদের দেখার অপেক্ষা।’
আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিমি বলেন, ‘আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করা সব সময়ই খুব আনন্দের। যাকে পর্দায় দেখে ভালোবেসেছি, তার সঙ্গে যখন কাজ করতে যাই, তখন ভীষণ রোমাঞ্চিত হই।’
আফজাল হোসেন বলেন, ‘দুজন মানুষ ও একটা সংকট নিয়ে এই গল্প। তারা বয়স্ক মানুষ। আজকাল মানুষের মন মাতানোর জন্য গরমাগরম গল্পের অনেক চাহিদা। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শিরশির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়। সেটা ভেবেই আগ্রহ নিয়ে অভিনয় করা।’
নির্মাতা রিয়াজুল হক ইমরান জানান, ‘রঙিন সুরমা’ দর্শকদের খুব পরিচিত, অথচ অনেক সময় এড়িয়ে যাওয়া একটা জীবনের কাছে নিয়ে যাবে।
তিনি বলেন, ‘মানুষ যে জীবনকে এত স্বাভাবিক বলে পাশ কাটিয়ে যায়, তার ভেতরেই কি আসলে বেঁচে থাকার সবচেয়ে গভীর কারণগুলো লুকিয়ে থাকে? যদি দর্শকের মনে এই প্রশ্নটা কিছুক্ষণ থেকে যায়, তাহলে সেটাই “রঙিন সুরমা”র সবচেয়ে বড় প্রাপ্তি হবে বলে মনে করি। তাদের (আফজাল ও মিমি) অভিনয়ের মাধ্যমে অনুভূতিগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে।’
নির্মাতা আরও বলেন, ‘রঙিন সুরমা কোনো নির্দিষ্ট বয়সের দর্শকের জন্য নয়; বরং বয়সভেদে গল্পটি দর্শকের কাছে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করবে।
