ব্রাজিলিয়ান ফুটবলসম্রাট পেলের এককালের স্মৃতিবিজড়িত আমেরিকার ঐতিহ্যবাহী ক্লাব নিউ ইয়র্ক কসমসে কি পাড়ি জমাচ্ছেন শমিত সোম? নির্ভরযোগ্য সূত্রের খবর, কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় চুকিয়ে এবার মার্কিন মুলুকের এই ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন বাংলাদেশ জাতীয় দলের ২৭ বছর বয়সী মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন, যুক্তরাষ্ট্রের ফুটবলের তৃতীয় স্তরে খেলা কসমসের সঙ্গে ইতোমধ্যে চুক্তির কাজ সেরে ফেলেছেন শমিত। কাভালরি ছেড়ে বর্তমানে মুক্ত খেলোয়াড় হিসেবে থাকা এই ফুটবলার কিংবা নিউ ইয়র্ক কসমস—কোনো পক্ষই অবশ্য এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে গুঞ্জন সত্যি হলে এটি হবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের ক্যারিয়ারে এক রোমাঞ্চকর মোড়।
নিউ ইয়র্ক কসমসের নাম জড়িয়ে আছে বিশ্ব ফুটবলের সোনালী ইতিহাসের সঙ্গে। গত শতকের সত্তরের দশকে এই ক্লাবের জার্সিতেই মাঠ কাঁপিয়েছেন ফুটবলের রাজা পেলে ও জার্মানির ‘কাইজার’ খ্যাত কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কসমসে খেলে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিলেন পেলে, আর সেই একই যুগে তার সঙ্গী হয়েছিলেন বেকেনবাওয়ারও। পেলের মতো মহাতারকার স্মৃতিধন্য সেই ডেরাতেই এবার লাল-সবুজের শমিতের খেলার সম্ভাবনা জাগছে।
আন্তর্জাতিক ফুটবলে শমিতের পথচলা শুরু হয়েছিল উত্তর আমেরিকার দেশ কানাডার হাত ধরে। দলটির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পান তিনি। এরপরই পিতৃভূমির টানে লাল-সবুজের প্রতিনিধিত্ব বেছে নেন এই মিডফিল্ডার।
২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে অভিষেক হয় শমিতের। জাতীয় দলের জার্সিতে প্রথম গোলের দেখা পেতেও খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে; অভিষেকের চার মাসের মাথায় হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরে যাওয়া রোমাঞ্চকর ম্যাচে লাল-সবুজের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন তিনি।
