বাবার শেষকৃত্য শেষে মায়ামিতে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। রোজারিওতে পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটানোর পর মঙ্গলবার রাতে ব্যক্তিগত বিমানে মায়ামির উদ্দেশে আর্জেন্টিনা ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

৬৮ বছর বয়সে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ইন্টার মায়ামি থেকে ছুটি নিয়ে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে শনিবার রাতে নিজ শহর রোসারিওতে পৌঁছান মেসি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রোববার এল প্রাদো কবরস্থানে একান্ত পারিবারিক আয়োজনে বাবাকে শেষ বিদায় জানান তিনি।

বাবার মৃত্যুর পর মেসি যে কতটা ভেঙে পড়েছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আবেগঘন চিঠিতেই স্পষ্ট হয়েছে। সেখানে নিজের ভবিষ্যৎ নিয়েও গভীর অনিশ্চয়তার কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

‘তোমাকে ছাড়া আমি কী করব, জানি না। কীভাবে এগোব, সেটাও জানি না। আমি তো শুধু ফুটবল খেলেই এসেছি, আর এখন সত্যিই সন্দেহ হচ্ছে, আমি আর কতদিন সেটা চালিয়ে যেতে পারব। তুমি শুরু থেকেই আমার পাশে ছিলে। শেষটা আর খুব বেশি দূরে ছিল না। তুমি আর একটু সময় ধরে থাকলে না কেন, তাহলে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম?’ লিখেছিলেন মেসি।

রোজারিওতে কয়েক দিন পরিবারের পাশে থাকার পর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ‘ইস্লাস মালভিনাস’ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মেসি। সেখান থেকে ব্যক্তিগত বিমানে ফোর্ট লডারডেলের উদ্দেশে রওনা দেন তিনি।

মায়ামিতে ফিরে এলেও এখনই মাঠে ফেরার তাড়া নেই মেসির। আজ লিগস কাপের গ্রুপ পর্বে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। তবে এই ম্যাচে মেসিকে মাঠে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বাবার মৃত্যুর পর প্রথম ম্যাচে মেসিকে ছাড়াই মন্টেরেরির বিপক্ষে মাঠে নেমেছিল মায়ামি। ম্যাচের আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেসিকে সমর্থন জানিয়ে গ্যালারিতে দেখা যায় বিভিন্ন বার্তাও।

এখন মায়ামির অনুশীলনে মেসি কবে যোগ দিবেন তা এখনও জানা যায়নি। ক্লাবের পক্ষ থেকেও তার ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।

 

Related Articles

Latest Posts