ঢাকার সাভারের সাধাপুর এলাকায় শক্তিশালী প্রেশার কুকার বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান হোসেন বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
এর আগে গতকাল উপজেলার সাধাপুর এলাকার একটি মসজিদের খোলা মাঠ থেকে একটি শক্তিশালী প্রেশার কুকার বোমা উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে।
