ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ভাটারা খিলবাড়ীরটেক হাজারী গলি নূরনবী মুদিখানা দোকানের পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাহিদ ইসলামের (৪) বাবা গাড়িচালক হাবিব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামে। খিলবাড়ীরটেক এলাকায় তারা ভাড়া থাকেন।

তিনি জানান, তাদের বাসার পাশে একটি বাড়ির নতুন দেয়াল তোলা হচ্ছে। অন্য শিশুদের সঙ্গে খেলার সময় দেয়ালটি ভেঙে মাহিদের ওপর পড়ে।

পুলিশ পরিদর্শক ফারুক জানান, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।

Related Articles

Latest Posts