‘র’ মক্কা প্যাক্টে বাধা দিচ্ছে, সম্প্রতি দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের নামে প্রচারিত এই বক্তব্যের ভিডিওটি ডিপফেক বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।
বৃহস্পতিবার রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহফুজ আনাম বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের একটি দেশ ও ইসরায়েলকে যুক্ত করে ভারত নেতৃত্বাধীন বিকল্প একটি প্রতিরক্ষা জোট গঠনের চেষ্টা চলছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আলোচিত দাবিটি সত্য নয়। মাহফুজ আনাম এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া তার একটি সাক্ষাৎকারের ভিডিওর একটি অংশে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) তৈরি অডিও যুক্ত করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত মাহফুজ আনামের একটি সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যায়।
১৪ মিনিট ৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি পর্যালোচনা করে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে কিংবা ভারত ও ইসরায়েলকে কেন্দ্র করে কোনো বিকল্প প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে মাহফুজ আনামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বরং ভিডিওটিতে মূলত ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দাবি করা ভিডিওটি পর্যবেক্ষণ করে এআই দিয়ে পরিবর্তনের কিছু লক্ষণ দেখা গেছে। ভিডিওতে মাহফুজ আনামের মুখ ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে অডিওর সামঞ্জস্য নেই। পাশাপাশি তার কণ্ঠস্বরও অস্বাভাবিক ও রোবোটিক শোনায়। এ ধরনের অডিও-ভিজ্যুয়াল অসংগতি এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ভিডিওতে দেখা যেতে পারে।
বিষয়টি আরও যাচাই করতে এআই তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টের মাধ্যমে ভিডিওটির অডিও বিশ্লেষণ করা হয়। প্ল্যাটফর্মটির বিশ্লেষণে ভিডিওতে ব্যবহৃত কণ্ঠস্বর এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ দেখানো হয়েছে। অর্থাৎ, ভিন্ন প্রসঙ্গে মাহফুজ আনামের দেওয়া পুরোনো সাক্ষাৎকারের একটি অংশে এআই তৈরি অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
