মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

এর আগে দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে অবস্থানরত সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য এবং রসদ সংকটের খবর সামনে আসে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীকে সহযোগিতা করছে বিমানবাহী রণতরি  লিংকন। এটি টানা ২৬০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করে একটি নতুন রেকর্ড গড়েছে।

রণতরিটির ভেতরের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা পেন্টাগনের কাছে জবাবদিহিতা চেয়েছেন। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল বৃহস্পতিবার বলেছেন, সেখানকার পরিস্থিতিকে ‘পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

দীর্ঘ সময় ধরে রণতরির এই মোতায়েন সেনাসদস্যদের ওপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ তারা দীর্ঘ সময় ধরে পরিবার থেকে দূরে থাকছেন। এর পাশাপাশি জাহাজ এবং এর যন্ত্রপাতির ওপরও অতিরিক্ত চাপ বাড়ছে।

যদিও গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, তবে মার্কিন নৌবাহিনী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ইরানি বন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করেছে। এদিকে, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধ কীভাবে শেষ করতে চায়, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি।

হেগসেথ সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অবরোধ ‘অনির্দিষ্টকালের জন্য’ বজায় রাখতে সক্ষম।

এপির খবরে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি নতুন বিমানবাহী রণতরি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দানাং বন্দর ছেড়েছে বলে নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। এরপর রণতরির সঙ্গে একটি ক্রুজার এবং একটি ডেস্ট্রয়ারকে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

নৌবাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রণতরি ‘ওয়াশিংটন’ বর্তমানে মালাক্কা প্রণালিতে অবস্থান করছে। এই প্রণালিটি প্রশান্ত ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে এবং রণতরীটি এখন ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে বর্তমানে দুটি বিমানবাহী রণতরি মোতায়েন রয়েছে। সেখানে লিংকনের স্থলাভিষিক্ত হবে নতুন যাত্রা করা রণতরি ওয়াশিংটন।

এই পদক্ষেপের কারণে প্রশান্ত মহাসাগরে মার্কিন রণতরির উপস্থিতি সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন মনে করে, চীন এই অঞ্চলের একটি ‘সুসংহত শক্তি’, যাদের শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করা থেকে ঠেকিয়ে রাখাই যথেষ্ট। বাইডেন প্রশাসনের মতো তারা চীনকে আর প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী বা শত্রু হিসেবে বিবেচনা করছে না।

রণতরি লিংকন গত ২১ নভেম্বর সান ডিয়েগো থেকে রওনা হয়ে জানুয়ারিতে মধ্যপ্রাচ্যে পৌঁছায়। এর কিছুদিন পরই ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়।

নৌবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিয়মিত সরবরাহ ব্যবস্থাগুলো বিঘ্নিত হওয়ায় সেখানে এক প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে। যার ফলে রণতরিটিতে বিভিন্ন জিনিসের ঘাটতি দেখা দিয়েছে এবং নৌসেনাদের চিঠিপত্র আদান-প্রদান ব্যাহত হয়েছে।

Related Articles

Latest Posts