টাঙ্গাইলে নিখোঁজ কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার একদিন পর এক কলেজশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিয়াদ আবদুল্লাহ আসিফ (১৮) টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার বাসিন্দা। তিনি শহরের হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার নিজের খামারের কয়েকটি মুরগি বিক্রি করতে পাশের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি বাজারে যান আসিফ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

আজ শনিবার সদর উপজেলার গাড়াইল আন্ডারপাস এলাকার একটি জলাশয়ের পাশে স্থানীয় লোকজন তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারণা, আসিফকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ জলাশয়ের পাশে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার আশরাফ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
 

Related Articles

Latest Posts