এনজোকে দুয়োধ্বনি দিলেন চেলসি সমর্থকরা

চেলসি ছাড়ার ইচ্ছার কথাটা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। আর সেই ইচ্ছা ভালোভাবে নেয়নি দলের কিছু সমর্থক। তাই স্ট্যামফোর্ড ব্রিজে জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ করলেও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারল না চেলসি। রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে মাঠে নামার পরই নিজেদের সমর্থকদের একাংশের দুয়োধ্বনি শুনতে হলো এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে।

৬২ মিনিটে রিস জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এনজো। কিন্তু তার মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্যালারির একাংশ থেকে শুরু হয় দুয়োধ্বনি। অবশ্য অন্য একটি অংশের সমর্থকরা ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রতি সমর্থনও জানান।

চেলসিতে এনজোর ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে। গত মে মাসে ক্লাবকে নিজের চলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। এরপর তার জন্য ১২ কোটি পাউন্ডের দাম নির্ধারণ করে চেলসি। তবে চলতি গ্রীষ্মের দলবদলে এখনো তার জন্য কোনো প্রস্তাব আসেনি।

এ কারণেই শনিবারের ম্যাচে এনজোকে ঘিরে সমর্থকদের প্রতিক্রিয়া ছিল বাড়তি আলোচনার বিষয়। মাঠে নামার পর একাংশের দুয়োধ্বনি বুঝিয়ে দিয়েছে, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার বিষয়টি সবাই ভালোভাবে নেয়নি।

ম্যাচে অবশ্য এনজোকে ঘিরে বিতর্কের বাইরে দুর্দান্ত জয় পেয়েছে চেলসি। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শুরুটা করেন রেকর্ড সাইনিং মরগান রজার্স। জোয়াও পেদ্রোর হেড সোসিয়েদাদ গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বলে গোল করেন রজার্স।

এরপর লা লিগার দলটির হয়ে জোন আরামবুরু গোল করে সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি।

ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো জোড়া গোল করে দলকে জয় এনে দেন। প্রাক-মৌসুমে এটি ছিল তার অষ্টম গোল।

এই জয়ের মধ্য দিয়ে নতুন কোচ আলোনসোর অধীনে প্রস্তুতি পর্ব শেষ করল চেলসি। এবার তাদের সামনে প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জ। মৌসুমের প্রথম ম্যাচেই স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফুলহামের মাঠে নামবে তারা।

 

Related Articles

Latest Posts