ভিলা সুজুকিকে পেলে জুভেন্তাসে যেতে পারেন মার্তিনেজ

গোলরক্ষক নিয়ে ইউরোপিয়ান দলবদলে হঠাৎই বদলে গেছে সমীকরণ। পার্মার জিওন সুজুকিকে দলে টানার দৌড়ে এবার প্যারিস সাঁ জার্মাঁকে টপকে সামনে চলে এসেছে অ্যাস্টন ভিলা। আর তাতেই নতুন করে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পাওয়ার আশা দেখছে জুভেন্তাস।

সুজুকিকে পেতে প্রায় ৩ কোটি ৫০ লাখ ইউরোর একটি চুক্তি নিয়ে পার্মার সঙ্গে আলোচনা শুরু করেছে ভিলা। এর মধ্যে অতিরিক্ত পারফরম্যান্সভিত্তিক অর্থও রয়েছে। এর আগে সুজুকিকে নিয়ে পিএসজির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমনকি তার মেডিকেল পরীক্ষার প্রস্তুতিও চলছিল।

কিন্তু শেষ মুহূর্তে তৈরি হয় জটিলতা। সুজুকির এজেন্টরা চুক্তিতে আগে উল্লেখ না থাকা অতিরিক্ত কমিশন দাবি করায় ক্ষুব্ধ হয়ে ওঠে পিএসজি। এরপর চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি আলোচনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং নিজেদের অবস্থান থেকে না ফেরার কথাও জানায়।

পিএসজির সরে দাঁড়ানোর খবর পাওয়ার পরই সুযোগটি কাজে লাগাতে নেমে পড়ে অ্যাস্টন ভিলা। দ্রুতই সুজুকির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তারা। পাশাপাশি পার্মার সঙ্গেও শুরু করেছে আলোচনা।

ভিলার এই তৎপরতাই নতুন করে আশাবাদী করে তুলেছে জুভেন্তাসকে। কারণ, এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়ানোর দৌড়ে আগে থেকেই ছিল তুরিনের ক্লাবটি। তবে উপযুক্ত বিকল্প গোলরক্ষক না পাওয়া পর্যন্ত মার্তিনেজকে ছাড়তে রাজি ছিল না ভিলা।

আর্জেন্টাইন এই গোলরক্ষককে পেতে ভিলার ন্যূনতম চাহিদাও প্রায় ১ কোটি ইউরো। ফলে সুজুকিকে দলে নিতে পারলে ভিলার হাতে মার্তিনেজকে ছেড়ে দেওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।

অর্থাৎ, সুজুকির ভাগ্য এখন শুধু পিএসজি বা ভিলার জন্যই গুরুত্বপূর্ণ নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে মার্তিনেজের সম্ভাব্য জুভেন্তাস-যাত্রাও। ভিলা যদি শেষ পর্যন্ত সুজুকিকে দলে নিতে পারে, তাহলে আর্জেন্টাইন গোলরক্ষককে নিয়ে জুভেন্তাসের আলোচনাতেও গতি আসতে পারে।

Related Articles

Latest Posts