চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
গতকাল শনিবার বিকেলে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করতে গ্রেপ্তাররা জড়ো হয়েছিলেন।
গ্রেপ্তাররা হলেন—কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সহসম্পাদক সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।
সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা করা হয়েছে। সেই মামলায় আজ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
