চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মুহাম্মদ আরাফাত (২৬) বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কিছু পাওয়া যায়নি। ঘটনার কারণ জানতে আমরা তথ্য সংগ্রহ করছি।
