বার্সেলোনার নজর থাকলেও হুলিয়ান আলভারেজকে বিক্রির কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ক্লাবটির অবস্থান ‘একদম পরিষ্কার’ উল্লেখ করে আর্জেন্টাইন এই কোচ বলেছেন, চলতি মৌসুমে তার তারকা ফরোয়ার্ডকে ঘিরেই নতুন দল সাজাতে চান তিনি।
বুধবার মেত্রোপোলিতানোয় মালাগার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন লা লিগা অভিযান শুরু করছে আতলেতিকো। তবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলে দেরিতে প্রি-সিজন অনুশীলনে ফেরায় আলভারেজ এই ম্যাচে খেলার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন বলে নিশ্চিত করেছেন সিমিওনে।
চলতি দলবদল মৌসুমে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে দলবদলের বাজারে জোর গুঞ্জন চলছে। তাকে পেতে ১৫ কোটি ইউরো (প্রায় ১৭ কোটি ৩০ লাখ ডলার) প্রস্তাব প্রস্তাব করেছে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তাও তাদের আগ্রহের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। তবে আতলেতিকোর সিইও মিগেল আনহেল হিল মারিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারকা এই ফরোয়ার্ড বিক্রির জন্য নয়।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘ক্লাব মালিক (হিল মারিন) যখন একদম সোজাসাপ্টা কথা বলেছেন, তখন বিষয়টি সেখানেই শেষ। এখানে আর কোনো ধোঁয়াশা নেই। এখন আমাদের মূল মনোযোগ খেলার মাঠে—খেলোয়াড়কে পরিচর্যা করা এবং তাকে দ্রুত সেরা ছন্দে ফিরিয়ে আনা।’
ইএসপিএনের খবর অনুযায়ী, সম্প্রতি সিমিওনের সঙ্গে সরাসরি বৈঠকে ক্লাব ছাড়ার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন আলভারেজ। তবে কোচ তাকে স্পষ্ট জানিয়ে দেন, ক্লাবে থাকা পর্যন্ত দলের আক্রমণভাগে তিনি মূল ভূমিকা পালন করে যাবেন।
মাঠের বিষয়ের প্রতি জোর দিয়ে সিমিওনে বলেন, ‘হুলিয়ান অসাধারণ এক ছেলে। আমাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তার আরও কিছু অনুশীলন সেশন প্রয়োজন। আক্রমণভাগে সে-ই আমাদের সেরা ফুটবলার, এটি আমি আগেও বলেছি এবং এখনও বিশ্বাস করি। তাকে ঘিরেই আমি দল সাজাতে চাই।’
বিশ্বকাপ চলাকালীন প্রকাশ্যে দল ছাড়ার বাসনা ব্যক্ত করায় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ হয়েছেন—এমন পরিস্থিতিতে আলভারেজের ক্ষমা চাওয়া উচিত কি না, জানতে চাওয়া হলে সিমিওনে বলেন, ‘মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। সমর্থকদের মতামতকে আমি সবসময়ই শ্রদ্ধা করি। ডিয়েগো কস্তা বা অঁতোয়ান গ্রিজমানের বেলাতেও এমনটা ঘটেছে, এখন হুলিয়ানের ক্ষেত্রেও তা-ই।’
এদিকে টটেনহ্যাম থেকে সদ্য দলে যোগ দেওয়া নতুন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর প্রশংসাও ঝরেছে সিমিওনের কণ্ঠে। তিনি বলেন, ‘নেতৃত্ব, শক্তিমত্তা, গুণমান, অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি—সবই ওর মধ্যে রয়েছে। আতলেতিকো মাদ্রিদের মূল আদর্শের সঙ্গে ও পুরোপুরি মানানসই এবং আমাদের সাফল্য অর্জনে ও বড় ভূমিকা রাখবে।’
