স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
আজ বুধবার মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন দীপু মনির মেয়ে তানী দীপাবলি। আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি মুক্তি পাচ্ছেন।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারে যান। বের হয়ে তিনি মায়ের জন্য ৪ দিনের মুক্তি চেয়ে আবেদন করেন।’
তিনি জানান, ঢাকার কলাবাগানের বাসভবনে দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের মরদেহ রাখা হবে। আগামীকাল ভোরে মুক্তি পাওয়ার পর সেখানে যাবেন দীপু মনি।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ।
আগামীকাল আজাদ মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন হবে।
