চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার কাজ চলাকালে ‘বিষাক্ত গ্যাসে’ অসুস্থ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৪ আগস্টের ওই ঘটনায় মোট ১০ শ্রমিক মারা গেলেন।
সবশেষ মারা গেছেন চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ইদ্রিস আলী (৪২)।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান বলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
ইউএনও জানান, ১৪ আগস্ট সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিলের ইয়ার্ডে নোঙর করা স্ক্র্যাপ জাহাজে ‘বিষাক্ত গ্যাসে’ অসুস্থ হন ইদ্রিস। গতকাল ওই হাসপাতালের আইসিইউতে মারা যাওয়ার পর আজ বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি জামালপুরে পাঠিয়ে দেওয়া হয়।
ন্যাশনাল হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার দিন থেকেই ইদ্রিস আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে থাকা পুরাতন জাহাজ এমটি রাসির ট্যাংক কাটার সময় শ্রমিকরা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন।
এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে সেদিনই ৯ শ্রমিক মারা যান। গুরুতর অসুস্থ ৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি) ফেরদৌস স্টিলের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করে।
