আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ শ্রমিক আহত

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় লুসাকা গ্রুপের শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রমিকরা বলছেন, লুসাকা গ্রুপের সাময়িক বরখাস্ত ১৪০ শ্রমিক বিক্ষোভ-প্রতিবাদ করার সময় পুলিশের হামলায় অন্তত ১০ জন আহত হন।

তবে পুলিশ বলছে, শ্রমিকরা আশপাশের পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয় এবং সড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

লুসাকা গ্রুপের সাময়িক বরখাস্ত শ্রমিক ফরহাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কারখানার প্রোডাকশন ম্যানেজার মেহেদী হোসেনের বিরুদ্ধে নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ থাকায় আমরা তাকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিলাম। কারখানা কর্তৃপক্ষ গত ৪ আগস্ট সকালে আমাদের জানায় তাকে কারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিকেলেই তিনি কারখানায় আসেন। তখন আমরা প্রতিবাদ করি। ৬ আগস্ট কারখানায় গেলে জানতে পারি, একই ভবনে অবস্থিত লুসাকা গ্রুপের বেক নিট লিমিটেড কারখানা থেকে ৫৮ জন এবং তাম্মাম ডিজাইন লিমিটেড থেকে ৮২ জনসহ মোট ১৪০  শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

‘আজ সকাল ৮টার দিকে আমরা ১৪০ জন কারখানার সামনে যাই। আমাদের সহকর্মীরাও কারখানায় কাজে যোগ না দিয়ে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। কিন্তু পুলিশ আমাদের মারধর করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। এতে অন্তত ১০ জন নারীশ্রমিক আহত হন,’ বলেন তিনি।

এ বিষয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সমস্যা সমাধান না করে কারখানা কর্তৃপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে।’

এ বিষয়ে লুসাকা গ্রুপের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক মেজর (অব.) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ৪ আগস্ট কয়েকজন শ্রমিক কারখানায় হামলা চালায়। এ ঘটনায় আমরা কারখানা বন্ধ ঘোষণা করি। তারপর কারখানা খোলার পর তারা বিশৃঙ্খলা করতে চায়।’

নারী শ্রমিকদের হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো অভিযোগ আমাদের কাছে কখনোই অফিসিয়ালি আসেনি।’

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘লুসাকা গ্রুপের সাময়িক বরখাস্ত শ্রমিকরা আজ সকালে কারখানার সামনে এসে অন্য শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেয়। তারা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। সড়ক অবরোধ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Related Articles

Latest Posts