‘নাম্বার নাইন’ নিয়ে চিন্তা নেই বার্সার, এলচের বিপক্ষে থাকছে চমক

ফ্রি এজেন্ট হয়ে দল ছেড়েছেন রবার্ট লেভানদোভস্কি। ছেড়ে গেছেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক ফেরান তোরেসও। নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে সবচেয়ে বড় আলোচনার জায়গা হয়ে উঠেছে ‘নাম্বার নাইন’ পজিশন। নতুন কোনো স্ট্রাইকার দলে না এলেও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ হ্যান্সি ফ্লিক। বরং এই পজিশনে চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এলচের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ফ্লিককে প্রশ্ন করা হয়, এখনো কেন বার্সেলোনা একজন ‘নাম্বার নাইন’ দলে আনতে পারেনি এবং এই ঘাটতি নিয়ে তিনি চিন্তিত কি না। জবাবে জার্মান কোচ স্পষ্ট করে দেন, দলের বর্তমান খেলোয়াড়দের নিয়েই তার হাতে যথেষ্ট বিকল্প রয়েছে। ‘নাম্বার নাইন’ নিয়ে ফ্লিক বলেন, ‘আমরা এখনো একজন নাম্বার নাইন সই করাতে পারিনি বলে আমি চিন্তিত নই। দলের মধ্যেই আমাদের অনেক বিকল্প আছে।’

এলচের বিপক্ষে সেই বিকল্পগুলোর মধ্যে কে মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন, সেটিও ফ্লিকের অজানা নয়। বরং একাদশ নিয়ে নিজের পরিকল্পনা আগে থেকেই জানিয়ে রেখেছেন তিনি। তবে পুরো বিষয়টি প্রকাশ করতে রাজি নন বার্সা কোচ, ‘অবশ্যই আমি জানি কে খেলবে। আগামীকাল হয়তো একটা চমকও থাকতে পারে।’

এখানেই শেষ নয়, দলের তরুণ ফরোয়ার্ড হামজার প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। তাকে নিয়ে বেশ ইতিবাচক ফ্লিক। প্রাক-মৌসুমে হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট তাকে সরাসরি ‘নাম্বার নাইন’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘হামজা খুব ভালো প্রাক-মৌসুম কাটিয়েছে। সে একজন নাম্বার নাইন, তরুণ এবং অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। সে গোলও করেছে। সে দুর্দান্ত কাজ করেছে।’

তবে বার্সার নতুন ‘নাম্বার নাইন’ নিয়ে ট্রান্সফার প্রসঙ্গে ফ্লিক খুব বেশি কিছু বলতে চাননি। সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পছন্দ করেন না। ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকোর সঙ্গে প্রতিদিনই তার আলোচনা হচ্ছে বলেও জানান তিনি, ‘ডেকো এবং আমি প্রতিদিন কথা বলি। সবকিছুই দল ও ক্লাবকে ঘিরে। ঠিক কী চাই, সেটা শুধু আমি, ডেকো এবং আরও কয়েকজন জানি। ডেকো অসাধারণ কাজ করছে।’

আগামীকাল রোববার রাতে এলচের মাঠে নামবে বার্সেলোনা, যা নতুন মৌসুমে দলটির প্রথম ম্যাচ। দলের অনেক খেলোয়াড় স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে থাকায় গত সপ্তাহে বিশেষ ছুটি পেয়েছিলেন তারা।

Related Articles

Latest Posts