আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতদিন অবশ্য ইসি বলেছিল, অক্টোবর থেকেই তারা স্থানীয় নির্বাচন শুরু করতে চায়।
এবার এক মাস পেছানোর কারণ হিসেবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের বিষয়টির কথা জানিয়েছে ইসি।
আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি বলেছি, নির্বাচনের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।’
এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তফসিলএর কথা বলেছিল ইসি। এ বিষয়ে রহমানেল মাছউদ বলেন, ‘এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি। এটার অর্থ যে একবারে নভেম্বরের প্রথম দিন হবে এমন নয়। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটা ভোট হবে।’
ইউনিয়ন পরিষদ দিয়ে নির্বাচন শুরু হবে জানিয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ইউপি নির্বাচন দিয়েই শুরু হবে। এর সঙ্গে পৌরসভা হয়ত হতে পারে। তবে এগুলা কোনো সিদ্ধান্ত হয়নি।’
