‘কোনো রেফারি নেগ্রেইরার বন্ধু নন,’ মন্তব্য মরিনহোর

রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার দ্বন্দ্বে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে আছে নেগ্রেইরা-কাণ্ড। এর মধ্যেই এবার রেফারিদের সততা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তার দাবি, স্পেনের কোনো রেফারি নেগ্রেইরার সঙ্গে বন্ধুত্বের উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন না।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মরিনহো। সেখানেই নেগ্রেইরা প্রসঙ্গ উঠে আসে। তবে রেফারিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না তুলে বরং তাদের সততার ওপর আস্থা রাখার কথা জানান পর্তুগিজ এই কোচ।

মরিনহো বলেন, ‘আমি বুঝি রেফারিদের। লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগে প্রতিটি ম্যাচের আগে আমি সবসময় রেফারির ওপর বিশ্বাস রাখি। ম্যাচ শেষে এমন কিছু সিদ্ধান্ত থাকতে পারে, যা আমার ভালো লাগে না। কিন্তু আমি মনে করি না, আজ স্পেনে এমন কোনো রেফারি আছেন, যিনি মাঠে গিয়ে ভাবেন যে তিনি নেগ্রেইরার বন্ধু।’

নেগ্রেইরা-কাণ্ডের সূত্রপাত মূলত বার্সেলোনার সাবেক রেফারি কর্মকর্তা নেগ্রেইরার প্রতিষ্ঠানকে দেওয়া অর্থকে ঘিরে। স্প্যানিশ ফুটবলে দীর্ঘ সময় রেফারি কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা নেগ্রেইরার সঙ্গে বার্সেলোনার অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। আর অর্থের বিনিময়ে ক্লাবটি কোনো ধরনের রেফারিং সুবিধা পেয়েছিল কি না তাই নিয়েই মূল বিতর্ক। যদিও এই অভিযোগের ব্যাখ্যা নিয়ে বার্সেলোনা ভিন্ন অবস্থান জানিয়েছে এবং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও ক্রীড়া-রাজনৈতিক বিতর্ক চলছে।

মরিনহো সেই বিতর্কের মধ্যেও স্পেনের রেফারিদের সামগ্রিক সততা নিয়ে সন্দেহ প্রকাশ করতে রাজি নন। তবে রেফারিরা ভুল করতে পারেন, এটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মরিনহোর ভাষায়, ‘রেফারিরা ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারেন, এমনটা ঘটতেই পারে।’

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচের একটি সিদ্ধান্ত নিয়েও কথা বলেন মরিনহো। তার মতে, মাঠের রেফারি সামগ্রিকভাবে ভালো দায়িত্ব পালন করলেও ভিডিও সহকারী রেফারি বা ভারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভুল হয়েছে। তিনি বলেন, ‘প্রযুক্তিগত দিক থেকে আগের ম্যাচে রেফারি খুব ভালো ছিলেন। যদিও ভার তার কাজটা ভালোভাবে করেনি।’

মাঠে কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে ম্যাচ শেষে সেটি নিয়ে আলোচনা বা সমালোচনা করা যেতে পারে, কিন্তু আগেই রেফারির সততা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় বলে জানান মরিনহো, ‘ম্যাচের আগে আমি সবসময় রেফারির ওপর বিশ্বাস রাখি। ম্যাচের পরে এমন কিছু বিষয় থাকতে পারে, যেগুলো আমার ভালো লাগে না।’

ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও রেফারিং প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করেন মরিনহো। কোনো খেলোয়াড়কে বারবার ফাউলের শিকার হতে দিলে প্রতিপক্ষ আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। বিষয়টি বোঝাতে তিনি শিশুদের উদাহরণ টেনে বলেন, ‘আপনি যদি তাদের লাথি মারার সুযোগ দেন, তারা সেটাই করবে।’

ভিনিসিয়ুসের ক্ষেত্রে মাঠের বাইরের আচরণ ও মাঠের ভেতরের ঘটনাকে আলাদা করে দেখার কথাও বলেন তিনি। তার মতে, ভিনিসিয়ুসের প্রতিক্রিয়ার ক্ষেত্রে কিছু বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও মাঠে ফাউল, পেনাল্টি কিংবা শাস্তির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি বিচারকের।
 

Related Articles

Latest Posts