সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি প্রতারণা মামলায় ওয়ারেন্ট থাকায় বিদিশাকে রাত সাড়ে ৮টার দিকে গুলশান অ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘গুলশান থানায় করা ওই মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। ওই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।’
ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় এ মামলা করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
তবে কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।
পরে বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।
টাকা ফেরত পাওয়ার চেষ্টা করা হলে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।
এ বছরের ২০ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম আসামির অনুপস্থিতিতে সাজার রায় ঘোষণা করেন।
