কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ধানখেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকার সড়কের পাশের ধানের জমি থেকে এই পা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানখেতে খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। খবর পয়ে এলাকার লোকজন সেখানে ভিড় করতে থাকেন।
পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা উদ্ধার করে। এ সময় পায়ের পাশে পড়ে থাকা রক্তমাখা একটি পলিথিন ব্যাগও উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা ও একটি রক্তমাখা পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
