কেন ইংল্যান্ডে না ফিরে বার্সায় যেতে চান আলভারেজ?

অ্যাতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান জুলিয়ান আলভারেজ। গন্তব্য হিসেবে তার পছন্দ বার্সেলোনা। কিন্তু বার্সায় যাওয়ার পথ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডে ফিরে যাওয়া খুব একটা পছন্দ নয় আর্জেন্টাইন তারকার। এর পেছনে অবশ্য শুধু ফুটবলীয় কারণ নয়, রয়েছে আলভারেজের পরিবারের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ও।

ম্যানচেস্টার সিটিতে কাটানো সময়ের পর ইংল্যান্ডে পরিবারের সদস্যদের নিয়ে থাকার ক্ষেত্রে বেশ কিছু অভিবাসনসংক্রান্ত জটিলতার মুখে পড়েছিলেন আলভারেজ। আর্জেন্টাইন সাংবাদিক ভেরোনিকা ব্রুনাত্তির দাবি, আলভারেজের পরিবারের কয়েকজন সদস্যের যুক্তরাজ্যের আবাসন-সংক্রান্ত অনুমতির মেয়াদ প্রায় দুই বছর পর শেষ হয়ে যায়। ফলে তাদের হয় ইংল্যান্ড ছাড়তে হতো, নয়তো নতুন কোনো অভিবাসন ব্যবস্থার পথ খুঁজতে হতো। এই বিষয়টিই এখন আলভারেজের ভবিষ্যৎ সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে বলে দাবি করা হচ্ছে।

সিটি ছাড়ার পর স্পেনে এসে আলভারেজ তার পরিবারের বড় একটি অংশকে নিজের আশপাশে পেয়েছেন। ভাইবোনসহ পরিবারের সদস্যদের সঙ্গে এই জীবনযাপনই এখন ধরে রাখতে চান তিনি। ফলে স্পেনে থাকা তার কাছে শুধু ক্যারিয়ার-সংক্রান্ত বিষয় নয়, ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ।

আর সেই কারণেই অ্যাতলেতিকোতে থাকার পাশাপাশি বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা পোষণ করছেন আলভারেজ। কাতালান ক্লাবটিতে খেলা তার দীর্ঘদিনের স্বপ্ন। বিশেষ করে তার শৈশবের আদর্শ লিওনেল মেসি যে ক্লাবটির হয়ে ইতিহাস গড়েছেন, সেই বার্সার জার্সি পরার আকাঙ্ক্ষা আলভারেজের সিদ্ধান্তে বাড়তি প্রভাব ফেলছে।

অন্যদিকে, ইংল্যান্ডে ফিরে যাওয়ার পথটি তার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। সিটিতে থাকার সময়ও পরিবার ও বন্ধুদের দীর্ঘমেয়াদে কাছে রাখার ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক ও ভিসা-সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে। পর্যটক হিসেবে যুক্তরাজ্যে থাকার সময়সীমা নিয়েও ছিল সীমাবদ্ধতা।

ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের তুলনামূলক কঠোর অভিবাসন ব্যবস্থাও আলভারেজের পারিবারিক পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মানানসই নয়। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিকল্পনা হলো, নিজের পরিবারের বড় অংশকে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে কাছাকাছি থাকা।

স্পেনে অবশ্য সেই সুযোগ তুলনামূলকভাবে বেশি। ইউরোপীয় নাগরিকত্বের সুবিধা, পরিবারের সদস্যদের জন্য আবাসনের বিভিন্ন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি থাকার সুযোগের কারণে স্পেন আলভারেজের পারিবারিক জীবনের জন্য বেশি সুবিধাজনক বলে মনে করা হচ্ছে। 

যদিও অ্যাতলেতিকো তার ইচ্ছার কাছে নতি স্বীকার করতে রাজি নয়। তাকে কোনো মতে কাতালান ক্লাবে ছাড়তে রাজি নয় তারা। তবে আর্সেনালে যেতে চাইলে তাকে কোনো বাঁধা দিবে না বলে জানিয়েছে ক্লাবটি।  

Related Articles

Latest Posts