ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শুরুর পথে। তবে এরমধ্যেই বেজে উঠতে শুরু করেছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করতে ব্যস্ত হয়ে উঠেছে ক্লাবগুলো। অনেক তারকা খেলোয়াড় চুক্তি নবায়ন করে থেকে যাবেন পুরনো ক্লাবে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়।
শুধু তারকা খেলোয়াড় নয়, পাশাপাশি উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াচ্ছে ক্লাবগুলো। ফলে প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন গুঞ্জন। যার কিছু সত্যি হবে। আবার কিছু মিলিয়ে যাবে গুঞ্জন আকারেই। তবে আগামী গ্রীষ্মকালীন দলবদল শেষ পর্যন্ত প্রতিদিনের এই সকল খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
মাতেতার জন্য প্রস্তাব ভিলার
ক্রিস্টাল প্যালেসের ফরাসি স্ট্রাইকার জ্যাঁ-ফিলিপ মাতেতাকে দলে ভেড়াতে প্রস্তাব দিয়েছে অ্যাস্টন ভিলা। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য ভিলার প্রস্তাব প্যালেসের নির্ধারিত মূল্যের তুলনায় বেশ কম। তাই দলবদলটি এখনো চূড়ান্ত হওয়ার পর্যায়ে যায়নি।
৭ কোটি ইউরোতে জ্যাকসনকে পাচ্ছে ভিলা
মাতেতার পাশাপাশি চেলসির নিকোলাস জ্যাকসনকেও দলে ভেড়ানোর খুব কাছাকাছি অ্যাস্টন ভিলা। ফুট মেরকাতো জানিয়েছে, সেনেগালের এই ফরোয়ার্ডের জন্য প্রায় ৭ কোটি ইউরোর চুক্তিতে দুই ক্লাব সমঝোতার দ্বারপ্রান্তে। ফলে ভিলার আক্রমণভাগে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।
এনজোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে সিটি
এনজো ফার্নান্দেজকে নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে এগোতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দলবদলের জানালা বন্ধ হওয়ার আগেই আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য চেলসির কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে সিটি।
‘হুলিয়ানকে নিয়ে আমরা এখনো আগ্রহী’
হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর ইচ্ছা এখনো শেষ হয়ে যায়নি বার্সেলোনার। বুধবার ক্লাবের দলবদল পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা সরাসরি জানিয়েছেন, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে কাতালান ক্লাবটির আগ্রহ এখনো রয়েছে।
মিনতেহকে না পেয়ে সারকে চায় লিভারপুল
ইয়াঙ্কুবা মিনতেহকে ছাড়তে ব্রাইটন রাজি না হওয়ায় বিকল্প হিসেবে ইসমাইলা সারকে লক্ষ্য করেছে লিভারপুল। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ উইঙ্গারের জন্য প্রায় ৬ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে লিভারপুল। বিশ্বকাপে সেনেগালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা সার এবার অ্যানফিল্ডে যেতে পারেন।
৯ কোটি ৫০ লাখ ইউরোতে সিটির নতুন তারকা বুয়াদ্দি
আইয়ুব বুয়াদ্দিকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার লিল ছেড়ে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন। দলবদলের মূল্য প্রায় ৯ কোটি ৫০ লাখ ইউরো। ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ হিসেবে বুয়াদ্দিকে দলে নিয়েছে সিটি।
মত বদলে বার্সাতেই থাকতে চান বালদে
কয়েক দিন ধরে বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা তৈরি হলেও এবার অবস্থান বদলেছেন আলেহান্দ্রো বালদে। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, স্প্যানিশ লেফট-ব্যাক ক্লাবকে নিজের থাকার ইচ্ছার কথা জানিয়েছেন। ফ্লিকের দলে আবারও নিয়মিত একাদশে জায়গা ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তার জন্য আসা প্রস্তাবগুলোও বার্সেলোনার প্রত্যাশার চেয়ে কম।
মারমুশকে ধারে নিচ্ছে টটেনহ্যাম
ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম ওমর মারমুশের দলবদল নিয়ে চুক্তিতে পৌঁছেছে। দুই ক্লাব প্রয়োজনীয় কাগজপত্রে ইতোমধ্যে স্বাক্ষর করেছে। চুক্তিটি হবে ধারে, তবে প্রায় ৬ কোটি ইউরোর বাধ্যতামূলক ক্রয়ধারা থাকবে। আজই মিশরীয় ফরোয়ার্ডের টটেনহ্যামে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
লেগানেসের নজরে মোরাতা
আলভারো মোরাতাকে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে লেগানেস। জিয়ানলুকা দি মার্জিও জানিয়েছেন, স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে লেগানেসের আগ্রহ থাকলেও তার উচ্চ বেতন বড় বাধা। দলবদল সম্পন্ন করতে হলে কোমোকেও মোরাতার বেতনের একটি বড় অংশ বহন করতে হতে পারে।
সৌদি আরবের পথে মার্তিনেল্লি
আর্সেনালে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ সময় ঘনিয়ে এসেছে। তার এজেন্ট সরাসরি আল-হিলালের সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে আলোচনা করছেন। সবকিছু ঠিক থাকলে ব্রাজিলিয়ান উইঙ্গারকে প্রায় ৬ কোটি ৫০ লাখ ইউরোতে সৌদি ক্লাবটিতে বিক্রি করতে পারে আর্সেনাল।
জোনাথন ডেভিডকে নিয়ে খোঁজ অ্যাতলেতিকোর
আক্রমণভাগ শক্তিশালী করার জন্য জোনাথন ডেভিডের সম্ভাব্য দলবদল নিয়ে খোঁজ নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কানাডিয়ান ফরোয়ার্ডকে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আলোচনা শুরু হয়নি। অ্যাতলেতিকো শুধু জুভেন্টাসের কাছে খেলোয়াড়টির বর্তমান পরিস্থিতি ও প্রাপ্যতা সম্পর্কে জানতে চেয়েছে।
