বৃথা গেল রুবেল-রিপনের লড়াই, টপ এন্ড থেকে এইচপির বিদায়

শেষ ওভারে দরকার ১ রান, প্রথম বলেই রানআউটে ভিক্টোরিয়া একাডেমির পড়ল নবম উইকেট। তবে আর নাটকীয়তা নয়। চতুর্থ বলে শামীম হোসেন পাটোয়ারিকে স্কয়ার কাটে সীমানার বাইরে পাঠিয়ে ম্যাচ শেষ করে দিলেন লিয়াম ব্ল্যাকফোর্ড। টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশের এইচপি স্কোয়াড।

রোববার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়ার একাডেমির তরুণরা অভিজ্ঞদের নিয়ে গড়া বাংলাদেশের এইচপিকে হারায় ১ উইকেটে।

টুর্নামেন্টের সেরা বোলার অফ স্পিনার রুবেল ৪ ওভার বল করে এদিনও ১৫ রানে নেন ৩ উইকেট। রিপন ৪ ওভারে ১ উইকেট নিতে দেন স্রেফ ১৬ রান।

টস জিতে বাংলাদেশের দলটিকে ব্যাট করতে পাঠায় ভিক্টোরিয়ার একাডেমি দল।

আন্তর্জাতিক ক্রিকেট খেলা পাঁচজন ছিলেন বাংলাদেশের এইচপির একাদশে। তবে ভিক্টোরিয়া একাডেমি দলের সঙ্গেই মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং। টপ অর্ডারে জিসান আলম করেন ২০ বলে ৩০ রান, আরিফুল ইসলাম ১০ বলে আউট হন ১৯ রান করে। বাকিদের অবস্থা শোচনীয়। ৩৪ পেরোনো সাব্বির রহমান, ৩৩ পেরোনো অধিনায়ক ইরফান শুক্কুর, জাতীয় দলে নিয়মিত শামীম হোসেন পাটোয়ারিকে খুঁজে পাওয়া যায়নি। ব্যর্থ ছিলেন আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডলরাও।

বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে উইল সাদারল্যান্ড ২৭ রানে নেন ৪ উইকেট, স্যাম এলিয়ট নেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ৭ টেস্ট খেলা অফ স্পিনার টড মার্ফি নেন ১৪ রানে ২ উইকেট।

১০২ রানের লক্ষ্যে ধুঁকতে থাকে ভিক্টোরিয়ার একাডেমিও। নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ডারউইনের বাইশগজে স্পিনারদের রসদ ছিল ঢের, বল গ্রিপ করায় পেসারদের গতিবৈচিত্র্যও ছিল কার্যকর।

সব মিলিয়ে রুবেল-রিপন বাংলাদেশকে রেখেছিলেন খেলায়। একপর্যায়ে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন রুবেল। তবে ব্ল্যাকফোর্ডের স্থির মাথায় খেলা ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে বিদায় করে দিয়েছে আসর থেকে।

 

Related Articles

Latest Posts