অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘দ্য অরেঞ্জ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন ‘লালটিপ’–খ্যাত নির্মাতা স্বপন আহমেদ।
বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘দ্য অরেঞ্জ’। শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। পুরো শুটিং হবে ফ্রান্সে।
সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তৌকীর আহমেদকে। তিনি বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র দুটোই ভীষণ ভালো লেগেছে। সে জন্যই কাজটি করতে যাচ্ছি। তা ছাড়া পরিচালকের সঙ্গে কথা বলেও মনে হয়েছে কাজটি ভালো হবে।’
নিজের চরিত্র নিয়ে বলেন, ‘আমার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব আছে। ভালো গল্প ও ভালো চরিত্র সব সময়ই আমাকে টানে। আমি যে ধরনের সিনেমা নিয়ে ভাবি, যেখানে শিল্পমান থাকে, এটি ঠিক তেমনই একটি কাজ হতে যাচ্ছে।’
তৌকীর আহমেদের সর্বশেষ সিনেমা ‘সোলজার’-এর শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে তৌকীর আহমেদকে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খানও।
