সম্প্রতি হোয়াইট হাউসের ওয়েবসাইটে পাঁচটি আর্কেড-ধাঁচের ভিডিও গেম যুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে আর্কেড নামে একটি নতুন পেজে এই গেমগুলো খেলার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি গেমই কোনো ধরনের লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই খেলা যায়।
গেমগুলো প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিটি গেমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতিমালা প্রচার করা হচ্ছে।
আজ শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সমালোচকেরা অভিযোগ করেছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলার বদলে প্রশাসন বিনোদনকে অগ্রাধিকার দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাইটে গেমগুলো সচল করা হয়।
গেমগুলোর মধ্যে আছে ‘বিল্ড দ্য ওয়াল’, যা বস্তুত ক্লাসিক আর্কেড গেম টেট্রিসের একটি সংস্করণ। এখানে বলা হচ্ছে, ‘অবৈধ অনুপ্রবেশকারীদের থেকে দেওয়ালকে সুরক্ষিত রাখো’।
‘রিও রান’ গেমটি পুরনো নোকিয়া মোবাইলের স্নেকস গেমের মতো। এখানে আপনার চরিত্রটি একজন সীমান্ত কর্মকর্তার ভূমিকায় থাকবে। ম্যাপে একজন একজন করে অবৈধ অনুপ্রবেশকারী দেখা যাবে—কিবোর্ডের বাটন চেপে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করতে হবে আপনাকে। আটক অনুপ্রবেশকারীরা আপনার চরিত্রের পেছনে যোগ দেবে এবং ‘স্নেক’ গেমের সাপের মতো আপনার পেছনে আটক মানুষের সারি যত দীর্ঘ হবে, গেমটি তত কঠিন হতে থাকবে।
‘মেক আমেরিকা হেলদি এগেইন’ হচ্ছে ট্রাম্পের একটি নীতি, যার মাধ্যমে তিনি মার্কিন নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে চান। সাপ্লাই লাইন নামের গেমটিতে স্ক্রিনে বিভিন্ন ধরনের খাবার উড়ে আসতে থাকে। সেখান থেকে ‘ভালো খাবারগুলো’ বেছে নেওয়াই গেমারের দায়িত্ব। অর্থাৎ যে খাবারগুলো মার্কিনিদের সুস্থতা নিশ্চিত করবে, শুধু সেগুলোই বেছে নিতে হবে।
এক সময়ের তুমুল জনপ্রিয় ফ্ল্যাপি বার্ড গেমের আদলে ‘ফ্ল্যাপি বিল’ গেমটা তৈরি করা হয়েছে।
ট্রাম্প সেভিংস টাইকুন নামের গেমটিতে প্রশাসনের পক্ষ থেকে শিশুদের সহায়তায় গঠন করা তহবিলের প্রচারণা করা হয়েছে।
এই গেমগুলোর তীব্র সমালোচনায় মেতে উঠেছেন অনেকেই। তাদের বক্তব্য, প্রশাসন মার্কিনিদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধান না করে অন্যান্য বিষয়কে প্রাধান্য দিচ্ছে।
সিনেটর ম্যাট লেসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যঙ্গ করে লেখেন, ‘হিটিং অয়েলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি, কিন্তু আপনি তো ভিডিও গেমে বর্ডার জার টম হোম্যানের চরিত্রে খেলতে পারেন।’
অধিকারকর্মী সংগঠনগুলোও গেমিং ওয়েবসাইটটি নিয়ে প্রশাসনের সমালোচনা করেছে।
টেক্সাসের ইগল পাসে ফ্রন্তেরা ফেডারেশনের সহপরিচালক আমেরিকা গার্সিয়া গ্রেওয়াল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ব্যাপারটা অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছে। বছরের পর বছর ধরে তারা মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করেছে। এখন এতদিন ধরে তারা যা করে এসেছে, সেটাকেই ভিডিও গেম বানিয়ে ফেলেছে।’
‘এই গেমগুলো যারা বানিয়েছেন, তারা দিকভ্রান্ত। মানবিক হওয়া এবং অন্যদের প্রতি যত্নশীল হওয়ার অর্থটাই ভুলে গেছেন তারা’, যোগ করেন তিনি।
সীমান্ত এলাকায় কাজ করা আমিগোস সান দিয়েগো কমিউনিটির কর্মসূচি সমন্বয়কারী আদ্রিয়ানা জাসো বলেন, ‘আর্কেড-ধাঁচের এসব গেম প্রশাসনের “গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে না নেওয়ার মৌলিক প্রবণতা” প্রকাশ করেছে।’
‘প্রশাসনের নিষ্ঠুরতা, চরমপন্থী অবস্থান … এখন আর কাউকে বিস্মিত করে না,’ তিনি বলেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং তার বৃহত্তর অভ্যন্তরীণ নীতির কারণে ট্রাম্প ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছেন।
এই সংঘাতের কারণে প্রায় ছয় মাস ধরে ইরান ও ওমানের উপকূলবর্তী গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।
টেক্সাস পাবলিক রেডিওর প্রতিবেদন মতে, এতে বিশ্বব্যাপী তেল, প্রাকৃতিক গ্যাস ও সার সরবরাহ ব্যাহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে উঠে গেছে।
আক্রমণাত্মক শুল্কনীতির জন্যও ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন।
বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর ট্রাম্পের আরোপ করা বেশ কয়েক দফা শুল্ক আদালতের নির্দেশে বাতিল হয়েছে।
পাশাপাশি খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কর-সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সমালোচনা আরও বেড়েছে।
অর্থনীতিবিদেরা বলছেন, এসব পদক্ষেপ সম্মিলিতভাবে মার্কিন জনগণের মাসিক খরচের চাপ আরও বাড়িয়েছে।
এদিকে হোয়াইট হাউসকে এসব সমালোচনায় বিচলিত বলে মনে হয়নি।
গেমগুলোর লিংকের সঙ্গে এক্সে তারা পোস্ট করেছে, ‘জয় থামানো যাবে না’।
