ঢাকার আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ এক পুরুষ ও নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতরাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি বলেন, কয়েক দিন আগে এক দম্পতি ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই নারী অন্তঃসত্ত্বা থাকার কথা জানিয়েছিলেন। গত রাতে তালাবদ্ধ কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ কক্ষের ভেতরে তিনটি অর্ধগলিত মরদেহ পায়।
ওসি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহে পচন ধরার কারণে গর্ভের শিশুটি ভূমিষ্ঠ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
