লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না। জাতীয় দলের জার্সিতে বিদায়ের ঘোষণা ইতোমধ্যে দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবু সমর্থকদের আশা, দেশের মাটিতে, ১০ নম্বর জার্সিতে অন্তত আরেকবার মাঠে নামবেন তিনি। সেই প্রশ্নের কিছুটা উত্তর মিলতে পারে আগামী সোমবার। সেদিন সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচগুলোর ঘোষণা দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মেসির হাতে লেখা আবেগঘন বিদায়ী চিঠির মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলে যেন একটি অধ্যায়ের শেষের ঘণ্টা বেজে গেছে। কিন্তু সেই অধ্যায় পুরোপুরি শেষ হওয়ার আগে সমর্থকদের মনে ঘুরছে একটি প্রশ্ন, জাতীয় দলের হয়ে শেষবারের মতো কি দেশের মাটিতে খেলবেন মেসি?
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ মুহূর্তে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। লিওনেল স্কালোনির দলে তিনি ফিরবেন কি না, সেটি পুরোপুরি নির্ভর করছে মেসির নিজের ইচ্ছার ওপর। তাই আগামী সোমবার এএফএ ম্যাচগুলোর সূচি প্রকাশ করলেও সেখানে মেসিকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, ম্যাচগুলো কোন মাঠে আয়োজন করা হবে, এ নিয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দেশের মাটিতে কয়েকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।
তবে মেসির জন্য বিদায়ী ম্যাচ আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ফিফার নিষেধাজ্ঞা। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে একাধিক ঘটনার জেরে বর্তমানে ফিফার শাস্তির আওতায় রয়েছে আর্জেন্টিনা। পরবর্তী দুটি ম্যাচে দর্শকসংখ্যা নিয়েও বিধিনিষেধ রয়েছে। প্রথম ম্যাচটি স্টেডিয়ামের ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজন করতে হবে, আর দ্বিতীয় ম্যাচটি স্থগিত করা হয়েছে।
শুধু দর্শকসংখ্যায় বিধিনিষেধ নয়, এই নিষেধাজ্ঞার কারণে কয়েকজন খেলোয়াড়কেও মাঠের বাইরে থাকতে হবে। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ, রবার্তো আয়ালা ৩ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।
এখানেই তৈরি হয়েছে আরেকটি জটিলতা। আর্জেন্টিনা যদি দেশের মাটিতে প্রীতি ম্যাচ আয়োজন করে, ফিফার নিয়ম অনুযায়ী সেগুলো ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক ম্যাচ হিসেবে বিবেচিত নাও হতে পারে। সে ক্ষেত্রে শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়দের নিষেধাজ্ঞা এসব ম্যাচ দিয়ে কমানো তো সম্ভবই হবে না, এমনকি সেই ম্যাচগুলো দিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ পূরণ করাও যাবে না।
অর্থাৎ মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও এএফএকে একসঙ্গে দুটি বিষয় মাথায় রাখতে হবে, ফিফার নিষেধাজ্ঞা এবং ম্যাচের আন্তর্জাতিক মর্যাদা।
এখন পর্যন্ত অবশ্য একটি বিষয় নিশ্চিত, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতেই আবার মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এবার আর চীন সফরে যাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানানোর পরই চীন সফরের সম্ভাবনা বাতিল হয়ে যায়।
