কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফেরার ম্যাচে হাসান মাহমুদ রাখলেন নিজের সামর্থ্যের ছাপ। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের এই ডানহাতি পেসার শিকার করলেন ৭ উইকেট। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল চলতি আসরে কেন্টের ষষ্ঠ জয়ে।
শনিবার ক্যান্টারবুরিতে ম্যাচের চতুর্থ ও শেষ দিনের তৃতীয় সেশনে উস্টারশায়ারের বিপক্ষে ৮৪ রানে জিতেছে কেন্ট। ৩৯০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নামা উস্টারশায়ার নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৯৫ রানে। হাসান ৩ উইকেট নেন ৫১ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট নিতে তার খরচা ছিল ৬৮ রান।
কাউন্টিতে প্রথম দফায় হাসান দুই ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। তাই তাকে আবার দলে পেতে মুখিয়ে ছিল কেন্ট। ফেরার ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন এই ২৬ বছর বয়সী তারকা। এবারের আসরে তিন ম্যাচ খেলে মাত্র ১৮.৩১ গড়ে তার শিকার এখন মোট ১৯ উইকেট।
হাসানকে যোগ্য সঙ্গ দেন সতীর্থরা। ইংলিশ পেসার ম্যাট মিল্নসও ৩ উইকেট পান সমান ৫১ রান দিয়ে। সমান সংখ্যক উইকেট নিতে দক্ষিণ আফ্রিকান পেসার কিথ ডাজনের খরচা ৬৩ রান। বাকি উইকেটটি গেছে কিউই পেসার ম্যাট কুইনের ঝুলিতে।
আগের দিনের ৩ উইকেটে ৮৪ রান নিয়ে খেলতে নেমেছিল উস্টারশায়ার। এদিন তাদেরকে প্রথম ধাক্কা দেন হাসানই। অ্যাডাম হোসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ভাঙেন ৭৬ রানের জুটি। এরপর আরেকটি বড় জুটিরও ইতি টানেন হাসান। তার বলে হেনরি কুলেন বোল্ড হলে থামে ৮৬ রানের জুটি।
এক পর্যায়ে উস্টারশায়ারের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৬৫ রান। তখন কেন্টকে স্বস্তি দিয়ে জ্বলে ওঠেন ডাজন। তিনি টানা ৩ উইকেট নেওয়ার পর বেন অ্যালিসনকে এলবিডব্লিউ করে নিজের তৃতীয় শিকারটি ধরেন হাসান। আর শেষ ব্যাটার ফিঞ্চকে ফিরিয়ে কেন্টের জয় নিশ্চিত করেন মিল্নস।
মাত্র ৩০ রানে শেষ ৫ উইকেট হারানো উস্টারশায়ারের অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরার সেঞ্চুরি বিফলে যায়। অন্যপ্রান্তে বাকিদের আসা-যাওয়ার মাঝে তিনি থেকে যান অপরাজিত। ২২১ বলে ১০৩ রানের ইনিংস খেলতে তিনি মারেন ১২টি চার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে থাকা কেন্ট এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে। ১১ ম্যাচে তাদের অর্জন ১৭০ পয়েন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ডারহাম। আসরের আরও তিন রাউন্ডের খেলা বাকি আছে।
