রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি বাড়তে থাকায় আবারও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে গেটগুলো ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়।
এতে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় নয় হাজার ঘনফুট (কিউসেক) পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৪৯ ফুট এমএসএল (মিন সি লেভেল)। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
কাপ্তাই বাঁধে সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল পর্যন্ত পানি সংরক্ষণ করা সম্ভব হলেও ১০৮ ফুটকে বিপৎসীমা হিসেবে বিবেচনা করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, কাপ্তাই লেকের পানির উচ্চতা বাড়তে থাকায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দিয়ে পানি ছাড়া হচ্ছে। পানির প্রবাহ আরও বাড়লে ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।
এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছিল। পরে ধাপে ধাপে গেট খোলার উচ্চতা বাড়িয়ে তিন ফুট করা হয়। পরে গত ৬ সেপ্টেম্বর হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় ১৬টি স্পিলওয়ে গেট বন্ধ করে দেওয়া হয়।
