গাজীপুর সদর উপজেলায় খালে পড়ে থাকা সুটকেসের ভেতর এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কয়েকজন খালের ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়েছিলেন। এ সময় তারা পানির ওপর একটি সুটকেস ভাসতে দেখেন। সুটকেসটি একাংশ খোলা ছিল এবং ভেতরে মানুষের দেহাংশ দেখা যাচ্ছিল।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় তারা পুলিশকে খবর দেন।
ওসি আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহের অংশবিশেষ সুটকেসে ভরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। উদ্ধার দেহাংশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক সুজন ডেইলি স্টারকে বলেন, ‘আমরা মরদেহের একটি অংশ সুটকেসে এবং আরেকটি অংশ বাইরে পেয়েছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।’
এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
