নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজের প্রায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
আজ শনিবার দুপুর পর্যন্ত নদীটির পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪) নামের এক যুবক।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে তারা নিখোঁজ হন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জের ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) ও কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। বিকেলে স্থানীয় সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে এই তিনজন তলিয়ে যেতে থাকেন। তাদের বাঁচাতে গিয়ে স্বজন সৌরভও পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা চেষ্টা চালিয়েও কাউকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। শিবপুর ফায়ার সার্ভিস বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। পরে আজ শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
আজ সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থল থেকে নদীর ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়। দুপুর ২টার দিকে কালীগঞ্জের দীঘুয়া এলাকা থেকে শান্তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পাশাপাশি ডুবুরি দল আরও দুজনের মরদেহ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
