মেসির রেকর্ড এখন মাস্তানতুয়োনোর দখলে

ইউরোপের বড় মঞ্চে লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে সে কয়েকজনের নাম উচ্চারিত হয়, সেই তালিকায় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো অনন্য। ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে শুধু দলকে মৌসুমের প্রথম পয়েন্টই এনে দেননি আর্জেন্টাইন এই তরুণ। একইসঙ্গে ভেঙে দিয়েছেন মেসির পুরোনো একটি রেকর্ডও।

শুক্রবার ভেনিসে ম্যাচের শুরুটা অবশ্য ফিওরেন্তিনার পক্ষে ছিল না। ২২ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার আকোর অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেজিয়া। এরপরই অবশ্য ম্যাচের চিত্র বদলে দেন মাস্তানতুয়োনো। মাত্র আট মিনিটের ব্যবধানে দুই গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন তিনি।

৩০ মিনিটে ফিওরেন্তিনার জার্সিতে নিজের প্রথম গোল করেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। এর পরের মিনিটেই আবারও বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে দুই গোলেই থামেনি তার কীর্তি। বদলি হিসেবে নামা মাতেও পেলেগ্রিনো ফিওরেন্তিনার ব্যবধান বাড়ানোর পরও গোলের ক্ষুধা মেটেনি মাস্তানতুয়োনোর।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতে ফিওরেন্তিনার জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর্জেন্টাইনদের মধ্যে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডও নিজের করে নেন মাস্তানতুয়োনো। মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি।

এর আগে রেকর্ডটি ছিল মেসির দখলে। ২০০৭ সালের মার্চে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিক করার সময় মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। ক্যাম্প ন্যুতে সেই স্মরণীয় ৩-৩ গোলের এল ক্লাসিকোয় হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তার চেয়ে ২৩১ দিন কম বয়সে হ্যাটট্রিক করে রেকর্ডটি ভেঙে দিলেন মাস্তানতুয়োনো।

আর্জেন্টাইনদের মধ্যে এই তালিকায় মাস্তানতুয়োনোর পর রয়েছেন মাউরো ইকার্দি। ১৯ বছর ৩৪৩ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর আছেন আন্তোনিও আঞ্জেলিয়োলো, ২০ বছর ১৭ দিন বয়সে, আর গনসালো হিগুয়েইন, ২০ বছর ৩৩৪ দিন বয়সে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন।

ভেনেজিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল ফিওরেন্তিনার হয়ে মাস্তানতুয়োনোর মাত্র পঞ্চম উপস্থিতি। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালির ক্লাবটিতে যোগ দেওয়ার পর তার শুরুটা ছিল বেশ নীরব। সাবেক রিভার প্লেট তারকার কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা থাকলেও প্রথম কয়েক ম্যাচে তেমন আলো ছড়াতে পারেননি তিনি। তবে ভেনিসের এক রাতেই বদলে গেল সবকিছু।

মাস্তানতুয়োনোর তিন গোল শুধু ফিওরেন্তিনার তিন ম্যাচের হারের ধারাই থামায়নি, এনে দিয়েছে চলতি সিরি আ মৌসুমে দলের প্রথম পয়েন্টও। চার ম্যাচে ১১ গোল হজম করে ফিওরেন্তিনা এখন পয়েন্ট তালিকার ১৫তম স্থানে। ভেনেজিয়া নেমে গেছে তালিকার তলানিতে।

 

Related Articles

Latest Posts