এজবাস্টনে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করে দেওয়ার দিনে ইতিহাসের পাতায় নতুন পাতা যোগ করলেন জো রুট। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে এক অনন্য রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটিং স্তম্ভ।
পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় ৬৯ বলে ৯ চারে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। আর এই ইনিংসের মধ্য দিয়েই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ অর্ধশতকের মালিক বনে যান তিনি। এটি রুটের টেস্ট ক্যারিয়ারের ৬৯তম ফিফটি, যার মাধ্যমে তিনি ভেঙে দেন শচীনের ৬৮টি ফিফটির রেকর্ড।
টেস্টে সর্বোচ্চ অর্ধশতক:
জো রুট – ৬৯*
শচীন টেন্ডুলকার – ৬৮
শিবনারায়ণ চন্দরপল – ৬৬
রাহুল দ্রাবিড় – ৬৩
অ্যালান বোর্ডার – ৬৩
রিকি পন্টিং – ৬২
অন্যান্য রেকর্ড: ফিফটির রেকর্ডের পাশাপাশি এজবাস্টনে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রান পূরণের মাইলফলক স্পর্শ করেছেন রুট। সেই সঙ্গে জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের পর ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে চারটি ভিন্ন টেস্ট ভেন্যুতে ১ হাজার বা তার বেশি রান করার বিরল কৃতিত্ব দেখালেন তিনি।
রুটের এই কীর্তির দিনে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।
