কানাডায় আজীবন সম্মাননা পেলেন শান্তা ইসলাম

কানাডায় আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী শান্তা ইসলাম। টরেন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফোবানা তাকে এই সম্মাননা দেয়।

কানাডা থেকে মুঠোফোনে ডেইলি স্টারকে শান্তা ইসলাম বলেন, ‘দেশের বাইরে কানাডায় ফোবানা আমাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছে। এতে আমি অনেক সম্মানিত বোধ করছি।’

দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একজীবনে বহু নাটকে অভিনয় করেছি, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আরণ্যক নাট্যদলের হয়ে ময়ূর সিংহাসন নাটকে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার পেয়েছি। সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। কিন্তু দেশের বাইরে এত বড় সম্মান এবারই প্রথম পেলাম।’

এই সম্মাননায় গর্বিত শান্তা ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি দেশের পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও সাংবাদিকদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমরা শিল্পীরা কাজ করি মানুষের জন্য। মানুষের ভালোবাসার পাশাপাশি কোনো সংগঠন কিংবা রাষ্ট্র যখন স্বীকৃতি দেয়, তখন উৎসাহ পাই, তৃপ্তি পাই।’

অভিনয়জীবনের শুরুর দিকের স্মৃতিও মনে পড়ছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি। পরে বিটিভির নাটক, প্যাকেজ নাটক ও মঞ্চনাটকে নিয়মিত অভিনয় করেছেন। রূপনগরসহ বেশ কিছু সাড়া জাগানো নাটকেও অভিনয় করেছেন। দীর্ঘদিন উপস্থাপনাও করেছেন।

বর্তমানে কানাডায় ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে সময় কাটাচ্ছেন শান্তা ইসলাম। শান্তা বলেন, ‘আমার ছেলের সফলতা আমাকে শান্তি দেয়, তৃপ্তি দেয়। আমার পুত্রবধূ আমার আরেক মা। নাতনী আমার বেঁচে থাকার প্রেরণা। ওদের সবাইকে পেয়ে অনেক ভালো আছি।’

কানাডায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করছেন তিনি। ছুটির দিনে পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তার আজীবন সম্মাননা পাওয়ায় ছেলে ও পুত্রবধূও খুশি।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচও আজীবন সম্মাননা পেয়েছেন।

Related Articles

Latest Posts