জুলাই ও আগস্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমদানি করা এসব মাছের মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জুলাইয়ে তিনটি প্রতিষ্ঠান ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি করে, যার মূল্য ৩৫ লাখ ৪৯ হাজার টাকা।
তিনি আরও জানান, আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ইলিশ আমদানি বেড়ে দাঁড়ায় ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি, যার মূল্য ৬ কোটি ৫৭ লাখ টাকা। দুই মাসে আমদানি করা ইলিশের মোট মূল্য ৬ কোটি ৯৩ লাখ টাকা। জুলাইয়ের তুলনায় আগস্টে ইলিশ আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১১ গুণ।
এদিকে, ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানির ফলে বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও যশোরের বিভিন্ন বড় বাজারে মাছের সরবরাহ বেড়েছে।
যশোরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ভারত থেকে আমদানি করা ইলিশকে স্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং আমদানি করা ভারতীয় মাছ হিসেবেই বিক্রি করতে হবে।
তিনি বলেন, আমরা বাজারগুলোতে পরিদর্শন করব এবং বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে।
