বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন, দেশ ও জাতিকে পরিচালনাকারী নেতৃত্বের ব্যর্থতায় বাংলাদেশ কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। এ সফল না হওয়ার পেছনে মূল ব্যর্থতা হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা।
আজ সোমবার তার নির্বাচনী এলাকায় (ঢাকা-১৫) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘যারা বিভিন্ন সময় দেশ ও জাতিকে পরিচালনা করছেন এবং করেছেন, সরকারে বসে তাদের ব্যর্থতার কারণে আমাদের জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল সে পর্যায়ে যেতে পারেনি।’
তার ভাষ্য, নেতৃত্বের ব্যর্থতার কারণে সমাজে ‘বঞ্চনা হাহাকার বিশৃঙ্খলা বৈষম্য অবিচার দমন পীড়ন’ চলছে এবং মানুষের সম্মান, সম্পদ ও জীবনের ওপর আঘাতের ঘটনাও ঘটছে।
দেশের মেধাবী শিক্ষার্থীদের বিকাশে রাষ্ট্র ও সরকারের পূর্ণ দায়িত্ব নেওয়া উচিত মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশকে, রাষ্ট্রকে, সরকারকে তাদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’
রাষ্ট্র ও যারা রাজনীতি করেন, উভয়েরই মেধাবী শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘তোমাদের মেধা বিকাশে অভিভাবক হিসেবে রাষ্ট্রকে এবং আমরা যারা রাজনীতি করি তাদের দায়িত্ব নিতে হবে, আমরা আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না,’ বলেন জামায়াত আমির।
শিক্ষাব্যবস্থার মান ও নৈতিকতা নিয়ে তিনি বলেন, ‘ভালো শিক্ষক তৈরি করা গেলে ভালো শিক্ষার্থী তৈরি হবে এবং তখনই শিক্ষার মান ফিরবে।’
শফিকুর রহমান বলেন, ‘‘দেশের বর্তমান সমাজে ‘ধান্দাবাজি, চান্দাবাজি, দখলদারী, দুর্নীতিসহ’ বিভিন্ন ক্ষেত্রে অসততার প্রতিযোগিতা চলছে। আমরা চাই এটার কবর রচনা হোক।”
আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের নিজেদের মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠতে হবে। আমরা দোয়া করি এই মেধাকে বিকশিত করে আগামী দিনে তোমরাই যেন এই জাতিকে নেতৃত্ব দিতে পারো।
তরুণদের ভবিষ্যৎ রাষ্ট্রীয় নেতৃত্বে আসার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের মধ্য থেকে কেউ হোক প্রধানমন্ত্রী, কেউ হোক প্রেসিডেন্ট, কেউ হোক প্রধান বিচারপতি, কেউ হোক পুলিশ প্রধান, কেউ হোক সেনাপ্রধান, কেউ হোক নৌ প্রধান, কেউ হোক আমাদের এয়ার চিফ। আমরা চাই তোমাদের মতো সৎ দক্ষ ও বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশ উঠুক।’
শিক্ষার্থীদের উদ্দেশে শফিকুর রহমান আরও বলেন, ‘এই জাতিকে হারানো যাবে না। এই জাতিকে জিততে হবে। আর জেতার জন্য তোমাদের নিজেদের তৈরি হয়ে আসতে হবে।’
