গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের মাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে রিটটি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।
