বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চীনের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এক বলও না গড়িয়ে বাতিল হয়ে গেছে। তবে তাতে বাংলাদেশের চিন্তার কারন ঘটেনি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার জাপানের কোরোগি স্পোর্টস পার্কে বৃষ্টির পর আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করলেও পরিস্থিতি উন্নত হয়নি। বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তারা। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১০ম স্থানে রয়েছে, সেখানে চীনের অবস্থান ৩৬তম। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা।
আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তার আগে আগামীকাল স্বাগতিক জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ভারত।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের রেকর্ড বেশ উজ্জ্বল। এর আগে তিনবার অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছে তারা। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে অভিষেকেই রুপা জিতেছিল টাইগ্রেসরা। ২০১৪ সালের ইনচন গেমসেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটায় তারা। আর সবশেষ ২০২২ সালের হাংঝু গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশ।
এদিকে দিনের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও থাইল্যান্ড। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার মুখোমুখি হবে।
