ব্যালন ডি’অর নিয়ে একদম মাথা ঘামাচ্ছেন না কেইন

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৭৩টি গোল করে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে বর্ণনা করেছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফর্ম করে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই আছেন, তবে ব্যক্তিগত পুরস্কার নিয়ে তিনি ভাবছেন না বলেই জানিয়েছেন।

২০০১ সালে মাইকেল ওয়েনের পর আর কোনো ইংরেজ ফুটবলার ব্যালন ডি’অর জেতেননি। এবার কেইনের সঙ্গে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের লড়াইয়ে আছেন লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলাররা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-কে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে কেইন বলেন, ‘নিজের সম্পর্কে বেশি কথা বলা আমার কখনোই পছন্দ নয়। তবে এটুকুই বলব, ব্যক্তিগত ও দলীয়—দুই দিক থেকেই গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিনা দ্বিধায় বলা যায়, এটিই ছিল আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।’

২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির রেকর্ড ৮২ গোলের পর প্রথম খেলোয়াড় হিসেবে কেইন এক মৌসুমে ৭৩টি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। এই অর্জনে তিনি দারুণ গর্বিত হলেও বিশ্বসেরার মুকুট তার মাথায় উঠবে কি না, তা নিয়ে নিশ্চিত নন।

কেইন বলেন, ‘এই গোল সংখ্যা নিয়ে আমি সত্যিই দারুণ গর্বিত… তবে ব্যালন ডি’অর পাওয়ার বিষয়টি তো আর আমার হাতে নেই। এটি পুরোটাই নির্ভর করছে ভোটারদের ওপর। আমার কাছে গত মৌসুম এখন অতীত।’

‘আমি এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি এবং সামনে আর কী কী অর্জন করা যায়, সেদিকেই নজর দিচ্ছি,’ যোগ করেন কেইন।

আগামী ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বিজয়ীর নাম। এই দৌড়ে আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার লামিন ইয়ামাল। তারা দুজনেই ব্যালন ডি’অর জেতার ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

 

Related Articles

Latest Posts