৭৫ বলে সেঞ্চুরিতে হেডের রেকর্ড, রেকর্ড গড়ল অস্ট্রেলিয়াও

আগের ম্যাচে ব্যর্থ হওয়া ট্রাভিস হেড জ্বলে উঠলেন স্বভাবসুলভ ঢঙে। আগ্রাসী ব্যাটিংয়ে ৭৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে একটি রেকর্ড গড়লেন এই বাঁহাতি ওপেনার। তার পাশাপাশি মিচেল মার্শ, কুপার কনোলি ও অলি পিক আলো ছড়ানোয় আরেকটি রেকর্ড গড়ল অস্ট্রেলিয়াও।

হারারেতে শুক্রবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৬ রানের বিশাল পুঁজি পেয়েছে অজিরা। হেড খেলেন ১১২ রানের ঝলমলে ইনিংসে। ৮৪ বল মোকাবিলায় ১৫টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি।

ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন হেড। তিনি পেছনে ফেলেন ম্যাট রেনশকে। এই সিরিজের প্রথম ওয়ানডেতেই ৮৬ বলে শতকের স্বাদ নিয়েছিলেন রেনশ।

হেডের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৯ ওভারে ১৩০ রান এনে সফরকারীদের বড় সংগ্রহের ভিত গড়ে দিতে বড় অবদান রাখেন অধিনায়ক মার্শ। তিনটি করে চার ও ছক্কায় ৬৩ বলে ৫৩ রান করেন মার্শ। এরপর ২৮তম ওভারে হেড বিদায় নিলে একপ্রান্ত আগলে রাখেন তিনে নামা কনোলি। ৬৯ বলে ৭৮ রানের আক্রমণাত্মক ইনিংসে কনোলিও মারেন তিনটি করে চার ও ছক্কা। শেষদিকে স্বাগতিকদের বোলিং লাইনআপের ওপর চড়াও হন পিক। তিনি সাতে নেমে অপরাজিত থাকেন ৪১ রানে। মাত্র ১৮ বলের ইনিংসে তিনি হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা।

সব মিলিয়ে রানের পাহাড় গড়া অজিরা দলীয়ভাবেও একটি রেকর্ড গড়েছে। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ পুঁজি। এর আগে হারারেতেই ২০১৪ সালে ৬ উইকেটে ৩৫০ রান তুলেছিল দলটি।

৫০ ওভারের ক্রিকেটে হেড পেয়েছেন অষ্টম সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ২০তম শতক। বাকি ১২টি সেঞ্চুরি এসেছে টেস্টে। অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে এখনও তিন অঙ্কের স্বাদ পাননি তিনি।

মুখোমুখি হওয়া প্রথম বলে ব্র‍্যাড ইভান্সকে চার মেরে রানের খাতা খোলেন হেড। এরপর এগিয়ে যান তরতর করে। ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করার পর কিছুটা রয়েসয়ে খেলেন তিনি। পরের পঞ্চাশ আসে ৪৩ বলে।

রেকর্ড গড়ার পর বেশিক্ষণ আর ক্রিজে থাকা হয়নি হেডের। ওয়েসলি মাধেভেরের বলে টাইমিংয়ে গড়বড় করে ক্যাচ দেন বদলি ফিল্ডার রায়ান বার্লের হাতে। তবে জিম্বাবুয়ের তাকে ফেরানোর স্বস্তি দীর্ঘ হয়নি পরবর্তীতে কনোলি ও পিক তেতে ওঠায়।

স্বাগতিকদের হয়ে বল হাতে ৩ উইকেট নিলেও পেসার ইভান্স ছিলেন বেজায় খরুচে। তার ৯ ওভারে ওঠে ৮৬ রান। বাঁহাতি স্পিবার ওয়েলিংটন মাসাকাদজা সমানসংখ্যক ওভারে ২ উইকেট শিকার করেন ৫১ রান দিয়ে।

Related Articles

Latest Posts