একটি দলের বিপক্ষেই এতদিন গোল করা হয়নি আর্লিং হালান্ডের। সান্ডারল্যান্ড ছিল সেই একমাত্র ব্যতিক্রম। দুই ম্যাচ খেলেও গত মৌসুমে তাদের বিপক্ষে গোলের দেখা পাননি ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা। অবশেষে সেই অপেক্ষাও শেষ হয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ২৫ দলের প্রত্যেকটির বিপক্ষেই গোল করার অনন্য কীর্তি গড়েছেন হালান্ড।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮১ মিনিটে হালান্ডের গোলেই আসে সিটির পঞ্চম গোল। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল করেছিলেন রেফারি, পরে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়।
হালান্ডের গোলটি শুধু সিটির জয়ই নিশ্চিত করেনি, পূর্ণ করেছে তাঁর প্রিমিয়ার লিগের একটি বিশেষ তালিকাও। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটির হয়ে যেসব ২৫ দলের বিপক্ষে খেলেছেন, এখন তাদের প্রত্যেকটির বিপক্ষেই গোল আছে তাঁর নামের পাশে। সান্ডারল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে গোল না পাওয়ায় এতদিন কেবল এই দলটিই ছিল তার তালিকার বাইরে।
এ নিয়ে প্রিমিয়ার লিগে হালান্ডের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৭। চলতি মৌসুমে পাঁচ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে আছেন তিনি। লিভারপুলের আলেক্সান্ডার ইসাক চার গোল নিয়ে আছেন পরের অবস্থানে।
তবে হালান্ডের রেকর্ডের রাতটি শুধু তার একার ছিল না। আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রায়ান ব্রোবি। কিন্তু তার তিন গোলও দলকে হার থেকে বাঁচাতে পারেনি। এনজো ফার্নান্দেজ, রায়ান শেরকি ও অঁতোয়ান সেমেনিওর জোড়া গোলের পর হালান্ডের শেষদিকের গোলেই ৫-৩ জয় নিশ্চিত করে সিটি।
ব্রোবির হ্যাটট্রিকও প্রিমিয়ার লিগের বিরল এক তালিকায় জায়গা করে নিয়েছে। ২০০৭ সালের ডিসেম্বরে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে উইগানের বিপক্ষে রোকে সান্তা ক্রুজের পর প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেও হারের স্বাদ পেলেন তিনি। একই সঙ্গে সান্ডারল্যান্ডের হয়ে প্রায় এক দশক পর প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের দেখা মিলল; এর আগে ২০১৬ সালে জার্মেইন ডিফো এই কীর্তি গড়েছিলেন।
আরও একটি বিরল কীর্তি গড়েছেন ব্রোবি। প্রিমিয়ার লিগের ইতিহাসে শীর্ষে থাকা দলের বিপক্ষে হ্যাটট্রিক করা মাত্র চতুর্থ খেলোয়াড় তিনি। এর আগে এই কীর্তি ছিল রব ফাউলার, ডার্ক কুইট ও রোমেলু লুকাকুর।
জয়ে ম্যানচেস্টার সিটির শতভাগ শুরুটাও অক্ষুণ্ন থাকল। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এনজো মারেসকার দল। নতুন কোচের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয়ও এটি।
