মাদ্রিদ ডার্বি হারায় তীব্র হতাশা থাকলেও এটিকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন কিলিয়ান এমবাপে। রেফারিং নিয়ে বিতর্কিত সিদ্ধান্তে কান না দিয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার ওপর জোর দিয়েছেন এই ফরাসি তারকা।
অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানের এই হার বেশ পিছুটান তৈরি করেছে রিয়াল মাদ্রিদের জন্য। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও, মৌসুমের শুরুতেই থমকে যেতে নারাজ স্প্যানিশ জায়ান্টরা। তারা এখন ভবিষ্যতের দিকেই নজর দিচ্ছে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে স্বীকার করেন, এই ফল দলের জন্য ‘একধাপ পিছিয়ে যাওয়া’। তবে সতীর্থদের চেষ্টার ঘাটতি ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিলাম এবং জানতাম ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে। তবে দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। মৌসুম মাত্র শুরু, এখনো অনেক খেলা বাকি। তাই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
ডার্বির মতো উত্তপ্ত ম্যাচে রেফারিং সিদ্ধান্তই এখন আলোচনার শীর্ষে। দু’দলের সংঘাতপূর্ণ লড়াইয়ে একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। রেফারিং নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়েছেন দলটির কোচ হোসে মরিনহো।
কিন্তু এমবাপে বিষয়টি নিয়ে জলঘোলা করতে রাজি নন। মাঠের সিদ্ধান্ত নিয়ে নিজের কিছু ব্যক্তিগত মতামত থাকলেও, প্রকাশ্যে রেফারির সমালোচনা করাকে নিজের স্বভাববিরুদ্ধ বলে জানান তিনি, ‘কিছু বিষয় নিয়ে আমার নিজস্ব চিন্তা রয়েছে, তবে তা নিজের মধ্যেই রাখতে চাই। আমি কখনো এ ধরনের খেলোয়াড় ছিলাম না, আর এখন শুরু করতেও চাই না। রেফারিও রক্তমাংসের মানুষ, ভুল হতেই পারে—আর কিছু ভুল হয়েছেও। তবে এসব নিয়ে কথা বাড়াতে চাই না।’
রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কোনো অজুহাতের জায়গা থাকে না, বিশেষ করে ডার্বি হারের পর তো নয়ই। সমর্থকদের ভরসা ফিরিয়ে আনাই এখন এমবাপের প্রধান লক্ষ্য। মৌসুমের সিংহভাগ এখনো বাকি, তাই সব ভুল শুধরে শিরোপার দৌড়ে ট্র্যাকে ফেরাই দলের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে জানান তিনি।
