ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত জাহিদুল বিশ্বাসের (৪৬) একটি গোয়াল ঘর নিয়ে এ বিরোধের সূত্রপাত বলে জানা গেছে। অভিযুক্ত সাকিল বিশ্বাস (২৬) ও সাইমন বিশ্বাস (২৩) তার বড় ভাইয়ের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমাইন গ্রামের বাসিন্দা মৃত বদিয়ার বিশ্বাসের ৩ ছেলে ৮ শতাংশ পৈতৃক জমিতে আলাদা ঘর তুলে বসবাস করেন। এই জায়গা নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হতো।
সেখানে জাহিদুলের একটি গোয়াল ঘর ছিল। সেখানকার পানি ঘরের পাশ দিয়ে যাওয়া নিয়ে তার বড় ভাইয়ের দুই ছেলের সঙ্গে ঝগড়া হতো।
ডুমাইনের ইউপি সদস্য ও একই এলাকার বাসিন্দা ইলিয়াজ হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে গোয়াল ঘরের পানি যাওয়া নিয়ে জাহিদুলের সঙ্গে খারাপ ব্যবহার করেন তার বড় ভাই আমুদি বিশ্বাসের দুই ছেলে সাকিল ও সাইমন।’
একপর্যায়ে দুই ভাতিজা দুটি কাঠের লাঠি দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। স্ত্রী ও প্রতিবেশীরা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক মারুফ হাসেন বলেন, ‘এ ঘটনায় জড়িত সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাহিদুলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
