মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাব্বি মণ্ডল (৩৫) শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
তাকে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়।
বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন এসব তথ্য জানান। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে বলেও জানান তিনি।
এর আগে সকাল ৮টার দিকে নিজ বাসা থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিকেলে তার বাবা নজরুল ইসলাম বিকেলে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে রাব্বি ও ফারজানার বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এসপি মোল্লা আজাদ বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি ফারজানা বেগম জানিয়েছেন, আজ ভোর ৫টার দিকে রাব্বি মণ্ডল বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘরে থাকা ধারালো দা দিয়ে ফারজানা ঘুমন্ত রাব্বির গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করেন।’
