সৌদি আরবের অধ্যায় পেছনে ফেলে আবার ইউরোপীয় ফুটবলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জোয়াও ফেলিক্স। তবে ফেরার পথে পুরোনো টানও যে তাকে প্রভাবিত করবে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন পর্তুগিজ এই তারকা। বার্সেলোনায় কাটানো সময়ের স্মৃতি এখনো তার কাছে বিশেষ। এমনকি সুযোগ পেলেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার কথা কখনোই ভাবতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এই মিডফিল্ডার।
স্প্যানিশ সংবাদপত্র ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনায় নিজের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে ফেলিক্স বলেন, ‘আমার খুব ভালো স্মৃতি আছে। শেষ পর্যন্ত আমরা কিছুই জিততে পারিনি, কিন্তু শুধু বার্সেলোনার হয়ে খেলতে পারাটাই আমাকে অনেক আনন্দ দিয়েছিল। অবশ্যই ধারে খেলাটা স্থায়ী খেলোয়াড় হওয়ার মতো নয়। ক্লাবের খেলোয়াড় হওয়াটা আলাদা ব্যাপার।’
২০২৩-২৪ মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেছিলেন ফেলিক্স। এক মৌসুমের সেই অধ্যায়ে কাতালান ক্লাবটির হয়ে ৪৪ ম্যাচে ১০ গোল করেন তিনি। স্থায়ীভাবে বার্সেলোনায় থাকা হয়নি তার। তবে সেই স্বল্প সময়ের স্মৃতি যে এখনো তার কাছে গভীর, সেটিই উঠে এসেছে কথায়।
ফেলিক্স বলেন, ‘এক বছরে অনেক কিছুই ঘটতে পারে, খুব ভালো কিংবা খুব খারাপ, উত্থান-পতন থাকতেই পারে। তবে বার্সার জার্সি পরতে পেরে আমি খুব খুশি। এটি আমার, আমার বাবার এবং আমার ভাইয়ের ছোটবেলার স্বপ্ন ছিল। এটা ছিল সম্মানের।’
বার্সেলোনার প্রতি এমন টানের পর তাকে যদি কখনো রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে কী করবেন, সাক্ষাৎকারে এমন প্রশ্নও করা হয়েছিল ফেলিক্সকে। জবাব দিতে অবশ্য একটুও সময় নেননি তিনি। বরং রিয়ালকে নিয়ে তাঁর উত্তর ছিল বেশ সরাসরি।
‘আমি ফুটবলের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে যেতাম। না, না, না। বার্সেলোনায় থাকতে আমি সত্যিই খুব উপভোগ করেছি। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের সুযোগ আমি হারিয়েছি। কিন্তু বার্সেলোনার হয়ে খেলতে পেরেছি বলে আমি গর্বিত,’ উত্তর এই আল-নাসর তারকার।
অ্যাতলেতিকো মাদ্রিদে ক্যারিয়ারের বড় একটি অধ্যায় কাটানোর পর গত বছর সৌদি আরবের আল-নাসরে যোগ দেন ২৬ বছর বয়সী ফেলিক্স। ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি দিলেও সেখানে তার পথচলা যে শেষ হয়ে যায়নি, সেটিই এবার স্পষ্ট করেছেন তিনি। ইউরোপে ফেরার ইচ্ছা যেমন জানিয়েছেন, তেমনি বার্সেলোনার প্রতি নিজের আলাদা অনুভূতিও লুকাননি।
